সীতাকুণ্ডে ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট ও ইলিশ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১১:০৪ এএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে আনুমানিক ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট ও ইলিশ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৫০ হাজার টাকা। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিনব্যাপী উপজেলার ভাটিয়ারী ও সলিমপুর মাছঘাটসহ বিভিন্ন উপকূলীয় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মুনতাসির বিল্লাহ। উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং সামুদ্রিক ও উপকূলীয় মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ অভিযান চালানো হয়।

সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মুনতাসির বিল্লাহ বলেন, অবৈধ কারেন্ট ও ইলিশ জালের ব্যবহার মৎস্যসম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসব জালের কারণে মাছের প্রজনন ও বংশবৃদ্ধি বাধাগ্রস্ত হয়। মৎস্যসম্পদ সংরক্ষণ এবং মাছের স্বাভাবিক বংশবৃদ্ধি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টরা জানান, উপকূলীয় এলাকায় অবৈধ জালের ব্যবহার রোধ এবং মৎস্যসম্পদের সুরক্ষায় নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রাখা প্রয়োজন। এ ধরনের কার্যক্রম মৎস্যসম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com