বসুন্ধরা শুভ সংঘের সেরা সংগঠকের সম্মাননা পেলেন সাংবাদিক আসাদুজ্জামান
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পিএম
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
বসুন্ধরা শুভ সংঘের সেরা সংগঠক সম্মাননা পেয়েছেন দৈনিক কালের কণ্ঠের গঙ্গাচড়া উপজেলা প্রতিনিধি ও ফটোসাংবাদিক আসাদুজ্জামান। সংগঠনটির গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি হিসেবে সাংগঠনিক কার্যক্রমে অবদান ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
গত বুধবার (২১ অক্টোবর) বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বশিতপুরে অবস্থিত শখের পল্লী বিনোদন পার্কের হীরাঝিল কনভেনশন সেন্টারে আয়োজিত বসুন্ধরা শুভ সংঘের রাজশাহী ও রংপুর বিভাগীয় সম্মেলনে তাঁর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।
বসুন্ধরা শুভ সংঘের প্রধান ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন সাংবাদিক আসাদুজ্জামানের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।
বসুন্ধরা শুভ সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাদেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি শামীম আল মামুন। বসুন্ধরা শুভ সংঘের পরিচালক ও কালের কণ্ঠের সহসম্পাদক জাকারিয়া জামান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এতে আরও বক্তব্য দেন বসুন্ধরা শুভ সংঘের আদমদীঘি উপজেলা কমিটির উপদেষ্টা ও শখের পল্লী পার্কের স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নজরুল ইসলাম এবং দৈনিক সমকালের উত্তরাঞ্চলীয় প্রধান লিমন বাসার।
সম্মেলনে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার তিন শতাধিক সংগঠক অংশ নেন। আলোচনা পর্ব শেষে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে অবদান ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ নির্বাচিত সংগঠকদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, আসাদুজ্জামান ২০১৬ সাল থেকে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পত্রিকা দৈনিক কালের কণ্ঠে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি বসুন্ধরা গ্রুপের মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বসুন্ধরা শুভ সংঘের গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।