কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, বাড়ছে সরাসরি ট্রেনের সংখ্যা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
ঢাকা-চট্টগ্রাম রুটে চার দশকের বেশি সময় ধরে চলাচল করা আন্তনগর মহানগর এক্সপ্রেস এবার যুক্ত হচ্ছে পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ট্রেনটির বর্ধিত যাত্রার উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
মহানগর এক্সপ্রেসের এই নতুন সেবা চালুর ফলে ঢাকা থেকে কক্সবাজার রুটে সরাসরি আন্তনগর ট্রেনের সংখ্যা বেড়ে দাঁড়াবে তিনটিতে। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম রেলপথের মধ্যবর্তী বিভিন্ন স্টেশনের যাত্রীরাও সরাসরি কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, নতুন সূচি অনুযায়ী মহানগর এক্সপ্রেস রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছাবে। সেখানে ২০ মিনিট বিরতির পর রাত ৩টায় কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে ট্রেনটি। পরদিন সকাল ৬টায় কক্সবাজার রেলওয়ে স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে।
ফেরার পথে সকাল ৮টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে মহানগর এক্সপ্রেস। দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছানোর পর ঢাকার উদ্দেশে আবার যাত্রা করবে ট্রেনটি। নির্ধারিত সূচি অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে।
নতুন রুটে মহানগর এক্সপ্রেস নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনে যাত্রাবিরতি দেবে। ফলে এসব এলাকার যাত্রীরা ঢাকায় না গিয়েই সরাসরি কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন।
বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস চলাচল করছে। কক্সবাজার এক্সপ্রেস রাত ১১টায় ঢাকা থেকে ছেড়ে পরদিন সকাল ৭টা ২০ মিনিটে গন্তব্যে পৌঁছায়। অন্যদিকে পর্যটক এক্সপ্রেস সকাল ৬টা ১৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে কক্সবাজার পৌঁছায় দুপুর ২টা ৪০ মিনিটে।
এ ছাড়া চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে চলাচল করছে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস। সৈকত এক্সপ্রেস সকাল ৫টা ৫০ মিনিটে এবং প্রবাল এক্সপ্রেস বিকেল ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে যায়।
রেলওয়ের কর্মকর্তারা মনে করছেন, মহানগর এক্সপ্রেসের এই বর্ধিত সেবা চালুর ফলে ঢাকা ও চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী যাত্রীদের জন্য রেল যোগাযোগ আরও সহজ হবে। বিশেষ করে মধ্যবর্তী স্টেশনগুলোর যাত্রীরা সরাসরি পর্যটন নগরীতে যাতায়াতের বাড়তি সুবিধা পাবেন। এতে কক্সবাজার ভ্রমণে রেলপথের ব্যবহারও বাড়তে পারে।
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সফিকুর রহমান বাংলানিউজকে বলেন, সোমবার থেকে মহানগর এক্সপ্রেসের বর্ধিত সেবা চালুর জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসের মতো বিরতিহীন না হয়ে মহানগর এক্সপ্রেস যাত্রাপথের নির্ধারিত বিভিন্ন স্টেশনে থামবে।
নতুন এই উদ্যোগের মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম ও মধ্যবর্তী এলাকার যাত্রীদের জন্য কক্সবাজারে যাতায়াতের আরও একটি বিকল্প তৈরি হচ্ছে। এতে পর্যটন, যাত্রীসেবা ও আঞ্চলিক যোগাযোগব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।