মিঠাপুকুরে বাসে অভিযান, ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ৪

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০২:১৫ পিএম

রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুরে হানিফ পরিবহণের একটি বাসে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইন জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। এ ঘটনায় মাদক বিক্রির উদ্দেশ্যে হেরোইন নিজেদের দখলে রাখার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ইসলামপুর টোলপ্লাজা সংলগ্ন প্রাণ ডেইরি হাবের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—মোছা. দুলালী বেগম (৩৬), মো. হারুনুর রশিদ (৩৫), মো. রিপন (১৯) ও মোছা. ফেরদৌসী বেগম (৩৪)।

এসআরবি-১৩-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুরের একটি আভিযানিক দল ঢাকা মেট্রো-ব-১২-৫৫৫৩ নম্বরের হানিফ পরিবহণের একটি বাসে তল্লাশি চালায়। এ সময় ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। পরস্পর যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজেদের দখলে রাখার অভিযোগে ওই চারজনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় এসআরবির পক্ষ থেকে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এসআরবি-১৩-এর চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া, ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মুহম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com