মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত কমিটিতে জাহাঙ্গীর আলম; ঘিওর প্রেসক্লাবের অভিনন্দন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১০:০২ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাত সদস্যের অ্যাডহক কমিটিতে সদস্য হয়েছেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস । জাতীয় ক্রীড়া পরিষদ অনুমোদিত এ কমিটিতে তার অন্তর্ভুক্তিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঘিওর প্রেসক্লাব ।

জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনে গঠিত কমিটির সভাপতি করা হয়েছে মানিকগঞ্জের জেলা প্রশাসককে । সদস্যসচিব হয়েছেন মানিকগঞ্জ সদর উপজেলার উত্তর সেওতা এলাকার গোলাম কিবরিয়া সাইদ ।

কমিটির অন্য সদস্যরা হলেন মানিকগঞ্জের পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, জেলা ক্রীড়া কর্মকর্তা এবং বেউথা এলাকার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস ।

জাতীয় ক্রীড়া পরিষদের সংশ্লিষ্ট স্মারকের বরাতে জানা গেছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর বিধান অনুসরণে এ অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে ।

জাহাঙ্গীর আলম বিশ্বাসের নতুন দায়িত্বে ঘিওর প্রেসক্লাবের সভাপতি মো. মহসীন খান হীরা ও সহসভাপতি সোহেল রানা খন্দকারসহ সংগঠনের অন্য সদস্যরা অভিনন্দন জানিয়েছেন । উল্লেখ্য, ঘিওর প্রেসক্লাব মানিকগঞ্জ প্রেসক্লাবের একটি ছায়া শাখা সংগঠন হিসেবে পরিচিত । তাই অভিনন্দন বার্তায় তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে জাহাঙ্গীর আলম মানিকগঞ্জের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, খেলাধুলার প্রসার এবং নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখবেন ।

তারা বলেন, খেলাধুলা সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনের অন্যতম মাধ্যম । সম্মিলিত উদ্যোগে মানিকগঞ্জের ক্রীড়াঙ্গন আরও এগিয়ে যাবে বলে তারা আশাবাদী ।

‘সবার জন্য খেলাধুলা, সবার জন্য সুস্থতা’—এই প্রত্যয়ে নতুন দায়িত্বে জাহাঙ্গীর আলম বিশ্বাসের সাফল্য কামনা করেন ঘিওর প্রেসক্লাবের নেতারা ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com