নওগাঁয় ৬৩ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল তুলে দিলেন এমপি ফজলে হুদা বাবুল

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পিএম

মোঃ রমজান হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

গ্রামীণ জনপদে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নওগাঁর বদলগাছীত উপজেলায় ৬৩ জন গ্রাম পুলিশ (চৌকিদার) সদস্যের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের ফলে গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে গতিশীলতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশ সদস্যদের হাতে বাইসাইকেল তুলে দেন ৪৮,নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিস ফারহানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল এমরান হোসেন, বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন, পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর এবং মথুরাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আহসান হাবিব লিটন। এ ছাড়া স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, গ্রামীণ এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত তথ্য আদান-প্রদানে গ্রাম পুলিশ সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন বাইসাইকেল পাওয়ায় তারা সহজেই প্রত্যন্ত অঞ্চলে যাতায়াত করতে পারবেন এবং দ্রুততার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন।

বক্তব্য শেষে তিনি আনুষ্ঠানিকভাবে গ্রাম পুলিশ সদস্যদের হাতে বাইসাইকেল তুলে দেন। পরে নিজেই একটি বাইসাইকেল চালিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

নতুন বাইসাইকেল পেয়ে গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। তারা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগের ফলে গ্রামীণ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, জনসাধারণের সঙ্গে যোগাযোগ এবং জরুরি তথ্য দ্রুত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গ্রাম পুলিশ সদস্যরা আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com