'বাংলাদেশ বার্তা টুডে 'এ সংবাদ প্রকাশের পর কমল নোবিপ্রবির সমাবর্তন ফি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৪:২০ পিএম
মোঃ জাহিদ হাসান, নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তনের নিবন্ধন ফি ১ হাজার টাকা কমিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ এবং গত ৯ অক্টোবর 'বাংলাদেশ বার্তা টুডে '-এ সংবাদ প্রকাশের পর ফি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. তামজিদ হোসাইন চৌধুরী স্বাক্ষরিত এক সংশোধিত বিজ্ঞপ্তিতে নতুন ফি নির্ধারণ করা হয়।
সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, স্নাতক, স্নাতকোত্তর, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ও প্রফেশনাল মাস্টার্স ডিগ্রির জন্য নিবন্ধন ফি ৫ হাজার টাকা থেকে কমিয়ে ৪ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে, স্নাতক ও স্নাতকোত্তর বা সংশ্লিষ্ট ডিগ্রি একসঙ্গে গ্রহণের ক্ষেত্রে নিবন্ধন ফি ৬ হাজার টাকা থেকে কমিয়ে ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাবর্তন কমিটির সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আগে নির্ধারিত নিবন্ধন ফি ও অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত সংশোধন করা হয়েছে।
এর আগে গত ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন তৃতীয় সমাবর্তনের নিবন্ধন ফি ঘোষণা করে। তখন স্নাতক, স্নাতকোত্তর, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ও প্রফেশনাল মাস্টার্স ডিগ্রির জন্য ৫ হাজার টাকা এবং স্নাতক ও স্নাতকোত্তর বা সংশ্লিষ্ট ডিগ্রি একসঙ্গে গ্রহণের ক্ষেত্রে ৬ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়। ঘোষণার পর থেকেই ফি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
এ অবস্থায় ৯ অক্টোবর শিক্ষার্থীদের দাবি তুলে ধরে সংবাদ প্রকাশ করে 'বাংলাদেশ বার্তা টুডে '।
ওই সংবাদে শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়জীবনের অন্যতম কাঙ্ক্ষিত ও আবেগঘন মুহূর্ত সমাবর্তন। তবে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশের অপেক্ষায় থাকা অনেক শিক্ষার্থীর পক্ষে একসঙ্গে ৫ থেকে ৬ হাজার টাকা ব্যয় করা কঠিন। এ কারণে সমাবর্তনের নিবন্ধন ফি যৌক্তিক পর্যায়ে কমানোর দাবি জানান তাঁরা।
এদিকে, সংশোধিত বিজ্ঞপ্তিতে সমাবর্তনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকদের উপস্থিতি নিয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, সমাবর্তনের দিন অভিভাবকদের ক্যাম্পাসে আসতে কোনো বাধা নেই। অনুষ্ঠান চলাকালে তাঁরা বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে অবস্থান করে স্ক্রিনের মাধ্যমে সরাসরি সমাবর্তন উপভোগ করতে পারবেন।
অভিভাবকদের জন্য আলাদা নিবন্ধনের প্রয়োজন হবে না। তবে ক্যাম্পাসে প্রবেশের সময় শিক্ষার্থীদের গাউন সংগ্রহের পাশাপাশি বিনা মূল্যে ‘অভিভাবক পাস’ সংগ্রহ করতে হবে।
উল্লেখ্য, নোবিপ্রবির তৃতীয় সমাবর্তন আগামী ২৪ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে।