ইবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পিএম

ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ভর্তি কমিটির আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ হিসেবে ১৯, ২০ ও ২৭ মার্চ বিবেচনায় রাখা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমানসহ ভর্তি কার্যক্রমে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি, কেন্দ্র ব্যবস্থাপনা, পরীক্ষা গ্রহণের প্রস্তুতি এবং ভর্তি কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করার বিষয়ে সভায় একমত পোষণ করা হয়।

কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৯ থেকে ২৭ মার্চের মধ্যে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ হিসেবে ১৯, ২০ ও ২৭ মার্চ প্রাথমিকভাবে বিবেচনায় রাখা হয়েছে। তবে গুচ্ছের কেন্দ্রীয় কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত ও সময়সূচির ওপর ভিত্তি করে তারিখ পরিবর্তন হতে পারে।

ভর্তি কমিটি সূত্রে জানা যায়, গুচ্ছের কেন্দ্রীয় সিদ্ধান্ত পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ও বিস্তারিত সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও সময়োপযোগীভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com