চট্টগ্রামে কিশোরকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল; গ্রেপ্তার ১
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রাম নগরের হালিশহরে ১৭ বছর বয়সী এক কিশোরকে অপহরণ করে ধর্ষণ এবং ঘটনার ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে দায়ের করা মামলায় মো. মোয়াজ্জেম (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) রাতে হালিশহরের কে-ব্লক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোয়াজ্জেম কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের মো. রহমত উল্লাহর ছেলে। তিনি বর্তমানে চট্টগ্রাম নগরের হালিশহরের কে-ব্লকের ওয়াপদা মোড় এলাকায় বসবাস করেন।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল জানান, কে-ব্লক এলাকা থেকে অপহরণপূর্বক ধর্ষণ ও পর্নোগ্রাফি-সংক্রান্ত মামলার এজাহারনামীয় দ্বিতীয় আসামি মোয়াজ্জেমকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, এ মামলার প্রধান অভিযুক্ত নুরু এখনো পলাতক। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মামলার অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।