নাটোরের নলডাঙ্গায় ট্রাকচাপায় এক বৃদ্ধা নিহত, ট্রাকচালক আটক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পিএম

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি:

নাটোরের নলডাঙ্গায় পাটবোঝাই ট্রাকের ধাক্কায় গেদি বেগম (৫৬) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করেছে নলডাঙ্গা থানা পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে নলডাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব সোনাপাতিল রেলব্রিজ এলাকায় নলডাঙ্গা-পাটুল পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গেদি বেগম রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মো: বনি ইসরাইলের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে গেদি বেগম একটি অটোভ্যানে করে পাটুল থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন। পথে পূর্ব সোনাপাতিল রেলব্রিজসংলগ্ন মো: ওমিদুল শেখের করাতকলের উত্তর পাশে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত চার চাকার পাটবোঝাই ট্রাক অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই বৃদ্ধা ।

দুর্ঘটনার খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিস ও নলডাঙ্গা থানা পুলিশের জরুরি ডিউটি অফিসার এসআই হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে নিহতের মরদেহ ও দুর্ঘটনায় জড়িত পাটবোঝাই ট্রাকটি চালকসহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।

আটক ট্রাকচালকের নাম মো: কাইসার (৩৭)। তিনি নাটোর সদর উপজেলার পণ্ডিতগ্রাম শিবপুর এলাকার মো: নুরুর ছেলে। পাটবোঝাই ট্রাকটি নিয়ে তিনি পণ্ডিতগ্রাম এলাকার সিদ্দিকের গোডাউনে যাচ্ছিলেন বলে জানা গেছে।

এ ঘটনায় নলডাঙ্গা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com