সিংগাইরে কৃষিজমিতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন হুমকিতে কৃষি জমি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পিএম
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় কৃষিজমিতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনের অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ইটভাটার মালিক লালনের বিরুদ্ধে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বলধারা ইউনিয়নের খোলাপাড়া গ্রামের লালন কোম্পানি কৃষিজমিতে ড্রেজার স্থাপন করে মাটির নিচ থেকে বালু উত্তোলন করছেন। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিন-রাত বালু উত্তোলন করছেন তাঁরা।
এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে আশপাশের ফসলি জমির স্বাভাবিক অবস্থা, জমির স্থিতিশীলতা ও কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া ভূমিধসের মতো ঘটনাও ঘটতে পারে।
একটি বালু ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে অসহায় গরিব কৃষকেরা। বলধারার মুন্নাফ, মোস্তফাসহ একাধিক কৃষক বলেন, কৃষিজমি ধ্বংস করা আর বালু উত্তোলনই তাঁদের ব্যবসা। তাঁরা প্রভাবশালী; অভিযোগ দিয়ে কোনো লাভ নেই।
স্থানীয় কৃষিজমিতে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন করা হলেও এসব কাজ বন্ধে কার্যকর পদক্ষেপ দৃশ্যমান কি না, সে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট এলাকার সচেতন মহল। কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।
বলধারা ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা আব্দুল কুদ্দুস বলেন, “এসিল্যান্ড স্যারকে জানানো হয়েছে। খুব শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”