গঙ্গাচড়ায় দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা, ৪০০-৫০০ অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পিএম

রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুই ব্যক্তির মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করেছে পুলিশ। মামলায় ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। রোববার বিকেলে গঙ্গাচড়া মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে।

মামলা নম্বর ৩১/২৫/১০/২৬। এতে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দুজন হলেন রংপুরের নোহালী ইউনিয়নের বাগডহরা এলাকার রেজাউল ওরফে কানা রেজাউল (৫০) এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোর পাঁচটার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তর পানাপুকুর গিরিয়ারপাড় এলাকার বড় সেচ ক্যানেলের কাছে এ ঘটনা ঘটে। বড়বিল ইউনিয়নের বাগপুর দক্ষিণপাড়া এলাকার সিদ্দিকুর রহমান সোহেলের বাড়ি থেকে অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে। সোহেল ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মতিন মিয়ার ছেলে।

স্থানীয় লোকজনের ভাষ্য, অটোরিকশা নিয়ে পালানোর সময় ধাওয়া করা হলে দুই ব্যক্তি গাড়িটি ফেলে ধানখেতের মধ্য দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে তাঁদের আটক করে মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

অটোরিকশার মালিক সিদ্দিকুর রহমান সোহেল জানান, ভোরে অটোরিকশা নিয়ে যাওয়ার সময় তিনি বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁকেও টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলে তাঁর অভিযোগ। তাঁর চিৎকার শুনে মসজিদের মুসল্লিরা বেরিয়ে আসেন। পরে মসজিদের মাইকে অটোরিকশা চুরির খবর প্রচার করা হলে স্থানীয় লোকজন ধাওয়া করেন।

সোহেল বলেন, পরে তিনি ওই দুই ব্যক্তির মৃত্যুর খবর পান।

অটোরিকশা চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই ব্যক্তির গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ৪০০ থেকে ৫০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে পুলিশের মামলা করার মধ্য দিয়ে ঘটনাটি আইনি তদন্তের আওতায় এসেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com