মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত কমিটির সদস্য জাহাঙ্গীরকে শুভেচ্ছা জানালেন সদস্য-সচিব সাইদ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটির সদস্য হয়েছেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও ক্রীড়া সংগঠক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস । নতুন দায়িত্ব পাওয়ার পর আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কমিটির সদস্য-সচিব গোলাম কিবরিয়া সাইদ ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার (২৬ অক্টোবর) জেলা ক্রীড়া সংস্থার সাত সদস্যের অ্যাডহক কমিটির তালিকা প্রকাশ করা হয় ।
জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনে গঠিত এ কমিটির সভাপতি করা হয়েছে মানিকগঞ্জের জেলা প্রশাসককে । সদস্য-সচিব হয়েছেন মানিকগঞ্জ সদর উপজেলার উত্তর সেওতা এলাকার বিশিষ্ট ক্রীড়া ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ ।
কমিটির অন্য সদস্যরা হলেন জেলার পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, জেলা ক্রীড়া কর্মকর্তা এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস ।
জাতীয় ক্রীড়া পরিষদের সংশ্লিষ্ট স্মারকে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর বিধান অনুসরণ করে এ অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে ।
গোলাম কিবরিয়া সাইদ আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে জাহাঙ্গীর আলম বিশ্বাস জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়ন, খেলাধুলার প্রসার এবং নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন ।
তিনি বলেন, খেলাধুলা সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনের অন্যতম মাধ্যম । সম্মিলিত উদ্যোগে মানিকগঞ্জের ক্রীড়াঙ্গন আরও এগিয়ে যাবে বলে তারা আশাবাদী ।
এদিকে জাহাঙ্গীর আলম বিশ্বাসের নতুন দায়িত্বে সাফল্য কামনা করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরাও ।
‘সবার জন্য খেলাধুলা, সবার জন্য সুস্থতা’—এ প্রত্যয়ে জেলার ক্রীড়াঙ্গনের অগ্রগতি ও খেলাধুলার প্রসার আরও বাড়বে বলে তারা প্রত্যাশা করছেন ।