বোরহানউদ্দিনে জমি কিনে দখলে, ৯ বছরেও মেলেনি মালিকানা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২১ পিএম
বোরহান উদ্দিন প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দালাল বাড়িতে জমি কিনে দখল বুঝিয়ে দেওয়া সত্বেও ৯বছর পরেও মেলেনি মালিকানা । অভিযোগ উঠেছে নিরব দালাল ও ফিরোজ দালালের বিরুদ্ধে। জমি বিক্রির টাকা পরিশোধের পরও দলিল না দিয়ে উল্টো প্রতারণা করে অন্য ব্যক্তির কাছে জমিটি বিক্রির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মাওলানা মো. এমরান (৪৫)।
মাওলানা মো. এমরান মৃত খলিলুর রহমানের ছেলে। তাঁর অভিযোগ, ২০১৮ সালে একই বাড়ির নিরব দালাল ও ফিরোজ দালালের কাছ থেকে ৪ শতাংশ জমি ৪৫ হাজার টাকায় ক্রয় করেন তিনি। এ সময় ৪০ হাজার টাকা পরিশোধ করেন। তবে দীর্ঘ নয় বছর পেরিয়ে গেলেও জমিটির দলিল সম্পাদন করে দেওয়া হয়নি। বারবার দলিল দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি বলে দাবি তাঁর।
মাওলানা এমরান আরো ও জানান, ২০১৮ সাল থেকেই তিনি ওই জমি নিজের দখলে রেখে ভরাট ও আবাদযোগ্য করার কাজ করেছেন এবং সেখানে গাছও রোপণ করেছেন। কিন্তু এখন নিরব দালাল অন্য ব্যক্তির কাছে জমিটি বিক্রির চেষ্টা করছেন বলে তিনি অভিযোগ করেন। এ ব্যাপারে তিনি ভোলা-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এমপি মহোদয়ের কাছে একটি লিখিত অভিযোগ করেন।
তিনি আরো বলেন, “আমি অনেক কষ্ট করে ২০১৮ সালে ৪৫ হাজার টাকায় জমিটি কিনেছিলাম। তখন ৪০ হাজার টাকা পরিশোধ করি। কিন্তু দীর্ঘদিনেও আমাকে দলিল দেওয়ার বাহানা করে কিন্তু কাগজপত্র রেডি করার কথা বলে নানা অজুহাতে কালক্ষেপন করেন । এখন আবার অন্য ব্যক্তির কাছে জমিটি বিক্রির চেষ্টা করা হচ্ছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এ বিষয়ে ন্যায়বিচার চাই।”
এ বিষয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, জমিটি নিয়ে এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় আমরা হতভম্ব। মাওলানা সাথে নীরব দালাল প্রতারণা করছে । তাঁদের মতে, মাওলানা এমরানের সঙ্গে জমির মালিক টাকা নিয়ে দখল বুঝিয়ে দিয়ে এভাবে হয়রানি করা উচিত হয়নি।
এ ঘটনায় ভুক্তভোগী ন্যায়বিচার ও জমির মালিকানা-সংক্রান্ত বিরোধের সুষ্ঠু সমাধানের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন