টেকনাফে শীর্ষ ডাকাত আব্দুর রহিম গ্রেপ্তার, অধরা রিদওয়ান
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৬ এএম
উচমান গনি, টেকনাফ উপজেলা প্রতিনিধি (কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে ডাকাত দলের অন্যতম সদস্য ও স্থানীয়ভাবে ‘শীর্ষ ডাকাত’ হিসেবে পরিচিত আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়েছে। তবে একই দলের আরেক সদস্য রিদওয়ান এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বাহারছড়া তদন্ত কেন্দ্রের এএসআই তাজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, আব্দুর রহিম দীর্ঘদিন ধরে টেকনাফের বিভিন্ন এলাকায় ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নজরদারিতে ছিলেন।
এদিকে, তার সহযোগী হিসেবে পরিচিত রিদওয়ানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাকে আইনের আওতায় আনতে বিভিন্ন স্থানে অভিযান ও গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার আব্দুর রহিমকে জিজ্ঞাসাবাদ করে ডাকাত দলের অন্যান্য সদস্য ও তাদের কর্মকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে আইনশৃঙ্খলা বাহিনী।