বান্দরবান প্রেস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি নাছিরুল আলম, সাধারণ সম্পাদক এন এ জাকির

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পিএম

আরাফাত খাঁন, বান্দরবান।

বান্দরবান প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬–২০২৮) উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক কর্ণফুলীর বিশেষ প্রতিনিধি নাছিরুল আলম এবং সাধারণ সম্পাদক পদে সময় টিভির বান্দরবান প্রতিনিধি এন এ জাকির নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের ফলাফল অনুযায়ী, সভাপতি পদে নাছিরুল আলম ২০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী অধ্যাপক মো. ওসমান গনি পেয়েছেন ১৮ ভোট। এ পদে ৩৯ জন ভোটারের মধ্যে ৩৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

সহ-সভাপতি পদে দৈনিক নীলগিরির সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে এটিএন বাংলা টেলিভিশনের বান্দরবান প্রতিনিধি মিনারুল হক ভোট পেয়েছেন, এম এ হাকিম চৌধুরী ৭ ভোট পেয়েছেন এবং নিউজ ২৪ এর প্রতিনিধি মো. হোসাইন সম্রাট ৪ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে এন এ জাকির ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী দৈনিক বণিক বার্তার বান্দরবান প্রতিনিধি টিংশৈপ্রু মংটিং মারমা পেয়েছেন ৪ ভোট।

যুগ্ম সম্পাদক পদে এখন টিভির বান্দরবান প্রতিনিধি রিজভী রাহাত ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী পেয়েছেন ২ ভোট।

কোষাধ্যক্ষ পদে গাজী টিভির বান্দরবান জেলা প্রতিনিধি মো. ইসহাক ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী মাছরাঙা টিভির বান্দরবান জেলা প্রতিনিধি কৌশিক দাশ গুপ্ত পেয়েছেন ৭ ভোট।

নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি নাছিরুল আলম বলেন, “সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমি সবার কাছে কৃতজ্ঞ।”

নবনির্বাচিত যুগ্ম সম্পাদক রিজভী রাহাত বলেন, প্রেস ক্লাবের স্বার্থ ও উন্নয়নে কাজ করতে চান তিনি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সব প্রার্থীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

রিজভী রাহাত আরও বলেন, বান্দরবানে অনেক উদীয়মান তরুণ সাংবাদিক রয়েছেন। তাঁদের মধ্য থেকে যোগ্যদের প্রেস ক্লাবের সদস্য করার উদ্যোগ নেওয়া হবে, যাতে তরুণ সাংবাদিকেরা সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের পেশাগত উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।

নির্বাচন শেষে প্রার্থীরা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাঁরা একে অপরকে অভিনন্দন জানান এবং আনন্দ ভাগাভাগি করেন।

নতুন নেতৃত্বের মাধ্যমে বান্দরবান প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com