মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পিএম

আব্দুর রশিদ মোল্লা , মাগুরা প্রতিনিধি:

মাগুরা সদর উপজেলার বেলনগর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. মিজানুর রহমান (৪০) নামে অপর এক আরোহী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ৩ নং কছুন্দী ইউনিয়নের বেলনগর হাঁস খামারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ শেখ বেলনগর গ্রামের বাকি শেখের ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন। আহত মিজানুর রহমান কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের বাসিন্দা। তিনি পপুলার ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল্লাহ শেখ মোটরসাইকেল নিয়ে মধুখালী বাজার থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। অপরদিকে মিজানুর রহমান মাগুরা থেকে ওয়াপদা বাজারের দিকে যাচ্ছিলেন। বেলনগর হাঁস খামারের সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ শেখকে মৃত ঘোষণা করেন। আহত মিজানুর রহমানকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর পাঠানো হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com