উলিপুরে ৫'শ পিস ইয়াবা সহ আটক ১
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পিএম
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে ২৫ মামলার আসামি এক চিহ্নিত মাদক কারবারি নয়ন মিয়া (৩৬) কে ৫'শ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত ভোর রাতে উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মাদক কারবারি নয়ন ওই এলাকার নজরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্ট তামিল ও মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে উপজেলার দক্ষিণ উমানন্দ গ্রামে ওয়ারেন্টভুক্ত আসামী নয়ন মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করার সময় তার ডান হাতে রক্ষিত ৫'শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় তার নিকটে থাকা ইয়াবা ট্যাবলেট বিক্রি করার ৫ হাজার টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত নয়নের বিরুদ্ধে ২৫টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলে জানায় পুলিশ।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন, ওয়ারেন্টভুক্ত মাদক কারবারি নয়নের বিরুদ্ধে ২৫টি মামলা রয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।