টেকনাফের সব ইউনিয়নে প্রার্থী দেবে জামায়াত, আলোচনায় তরুণ নেতৃত্ব
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১১:১১ পিএম
উচমান গনি টেকনাফ উপজেলা প্রতিনিধি (কক্সবাজার)
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রার্থী বাছাই ও ঘোষণা নিয়ে দলটির স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে। এরই মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সম্ভাব্য প্রার্থী হিসেবে বেশ কয়েকজন তরুণ ও অভিজ্ঞ নেতার নাম আলোচনায় উঠে এসেছে।
স্থানীয় দলীয় সূত্রে জানা গেছে, টেকনাফ উপজেলার বাহারছড়া, টেকনাফ সদর, হোয়াইক্যং, হ্নীলা, সাবরাং ও সেন্টমার্টিন ইউনিয়নে সম্ভাব্য প্রার্থী হিসেবে একাধিক নেতার নাম আলোচনায় রয়েছে।
বাহারছড়া ইউনিয়নে উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিক উল্লাহ ও ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মাওলানা মুস্তাক আহমেদের নাম আলোচনায় রয়েছে। টেকনাফ সদর ইউনিয়নে জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুর রহিম নূরী সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।
অন্যদিকে, হোয়াইক্যং ইউনিয়নে ইউনিয়ন জামায়াতের আমির মুহাম্মদ হোসাইনের নাম শোনা যাচ্ছে। হ্নীলা ইউনিয়নে প্রয়াত জামায়াত নেতা মাস্টার মীর কাশেমের ছেলে অ্যাডভোকেট মীর জাহাঙ্গীর আলমকে ঘিরে আলোচনা চলছে।
সাবরাং ইউনিয়নে ইউনিয়ন জামায়াতের সহসভাপতি হাফেজ আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাপ্পির নাম আলোচনায় রয়েছে। সেন্টমার্টিন ইউনিয়নে সম্ভাব্য প্রার্থী হিসেবে ইউনিয়ন জামায়াতের সভাপতি ও সাবেক ইউপি সদস্য হাবিব খানের নাম উঠে এসেছে।
তবে এসব নাম এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন উপজেলা জামায়াতের এক দায়িত্বশীল নেতা।
এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সরওয়ার কামাল সিকদার বলেন, “এখনো কারা প্রার্থী হবেন, তা নিশ্চিত করা হয়নি। তবে প্রতিটি ইউনিয়নে জামায়াতে ইসলামী প্রার্থী দেবে। শিগগিরই প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।”
দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, প্রার্থী ঘোষণা করা হলে টেকনাফের স্থানীয় নির্বাচনী রাজনীতিতে জামায়াতের অবস্থান ও সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আলোচনা আরও বাড়তে পারে।