ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষা ও নিয়োগপত্র; প্রতারণায় শতাধিক চাকরিপ্রার্থীকে টার্গেট করার অভিযোগ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতি: রংপুর থেকে প্রধান আসামি গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪০ পিএম

রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি 

রংপুর প্রতিনিধি: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণার মামলায় প্রধান আসামি মো. আব্দুস সালামকে (৪৪) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে রংপুর মহানগরীর আইডিয়াল মোড়ের শান্তিধারা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুস সালাম গাইবান্ধার পীরগঞ্জ থানাধীন বড় মাজিদপুর (মধ্যপাড়া) গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি একসময় একটি মাদ্রাসার সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানিয়েছে এসআরবি।

এসআরবি-১৩-এর প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, আব্দুস সালামের নেতৃত্বে একটি প্রতারক চক্র কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তি দেখে চাকরির জন্য আবেদন করেন প্রায় ১০০ জন প্রার্থী। পরে রংপুরের একটি কমিউনিটি সেন্টার ভাড়া করে তাঁদের নিয়ে ভুয়া নিয়োগ পরীক্ষা নেওয়া হয়। এরপর রাজশাহীতে প্রার্থীদের ভুয়া মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৪ সালের ৩ ডিসেম্বর বিভিন্ন পদে ৪২ জনকে চূড়ান্ত নিয়োগ দেওয়ার একটি ভুয়া অফিস আদেশ প্রকাশ করে চক্রটি। এভাবে চাকরিপ্রার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে চক্রটির বিরুদ্ধে।

এ ঘটনায় প্রতারিত চাকরিপ্রার্থীদের একজন মো. ফরহাদুল ইসলাম মন্ডল (২৯) বাদী হয়ে গত ২৭ অক্টোবর পীরগঞ্জ থানায় একটি প্রতারণার মামলা করেন। মামলায় আব্দুস সালামকে প্রধান আসামি করা হয়েছে। মামলাটির নম্বর ৩২।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, এসআরবি-১৩, রংপুরের একটি আভিযানিক দল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কোতয়ালী থানাধীন আইডিয়াল মোড়ের শান্তিধারা এলাকার একটি ভাড়া বাসার দ্বিতীয় তলার ফ্ল্যাটে অভিযান চালায়। এ সময় আব্দুস সালামকে গ্রেপ্তারের পাশাপাশি প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, চাকরিপ্রার্থীদের দেওয়া বিভিন্ন ব্যাংকের চেকবইয়ের ফাঁকা পাতা এবং চাকরিসংক্রান্ত বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গ্রেপ্তার আব্দুস সালামের বিরুদ্ধে অতীতে গাইবান্ধার সাদুল্লাপুরে বীমা প্রতারণা এবং সুন্দরগঞ্জের বিভিন্ন এলাকায় টিউবওয়েল স্থাপনের কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি।

এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তার আসামি ও জব্দ করা আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। প্রতারক চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি এবং অনুসন্ধান অব্যাহত রয়েছে।

চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা ও অন্যান্য গুরুতর অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com