জমি নিয়ে বিরোধে সুন্দরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যা অতঃপর ১৬ জন আটক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৩ পিএম

সুন্দরগঞ্জ,(গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে মকবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ১৪ নম্বর চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সীচা ছাতিনামারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মকবুল হোসেন দক্ষিণ সীচা ছাতিনামারী গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত ফেলান।

পুলিশের ইনসিডেন্ট রিপোর্ট সূত্রে জানা যায়, বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার ভোরে মকবুল হোসেনকে মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় পুলিশ ১৬ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাশেদুল ইসলাম (২৮), রেজাউল করিম (২৮), মোকছেদুল ইসলাম (১৮), আবিল হোসেন (১৮), মিন্টু মিয়া (৩৫), মঞ্জু মিয়া (৪০), লিটন মিয়া (৩৫), নজরুল ইসলাম (৫০), শাহাবুদ্দিন (৬০), নিরফুল বেগম (৪০), কল্পনা বেগম (২৫), নুর ভানু (৪৫), শিল্পী বেগম (৩৫), খোরশেদা বেগম (২৬), ফাতেমা (১৯) ও শাবানা খাতুন (২২)। তাঁদের সবার বাড়ি একই গ্রামের দক্ষিণ সীচা ছাতিনামারী এলাকায় বলে পুলিশি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে লাঠিসোঁটা, ধারালো ছোরা ও শাবল উদ্ধার করেছে। এগুলো মারামারিতে ব্যবহৃত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজার স্বাক্ষরিত ইনসিডেন্ট রিপোর্টে জানানো হয়েছে, এজাহার পাওয়ার পর মামলা গ্রহণের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com