ঘিওরে বৃদ্ধার লাশ ভেসে উঠল নদীতে, নিখোঁজ ছিলেন দুই দিন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৬ এএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওরে ধলেশ্বরী নদীতে নিখোঁজের দুই দিন পর রোকেয়া বেগম (৭০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ । বুধবার (২৮ অক্টোবর) সকালে নদীতে তাঁর পচন ধরা লাশ ভেসে ওঠে ।
রোকেয়া বেগম উপজেলার পয়লা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বেগুন নারচী গ্রামের বাসিন্দা । তিনি মৃত জিন্নাত আলী প্রধানের স্ত্রী ।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর দুপুর ১২টার দিকে বাড়ির পাশের ধলেশ্বরী নদীতে গোসল করে বাড়িতে ফিরে আসেন রোকেয়া বেগম । পরে আবার কখন, কীভাবে তিনি নদীতে নামেন, তা পরিবারের কেউ জানেন না । শারীরিক ও মানসিকভাবে অসুস্থ রোকেয়া দীর্ঘদিন ধরে পক্ষাঘাতেও ভুগছিলেন । অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে ছেলে মো. শাহাদাত হোসেন ২৭ অক্টোবর ঘিওর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেন । তিনি জানান, বুধবার (২৮ অক্টোবর) সকালে নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন । পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় । এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।