সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৯ পিএম

শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলা, চালকদের দায়িত্বশীলতা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকালে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শোর আয়োজন করা হয়। 

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‍্যালি বের করা হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‍্যালির উদ্বোধন করা হয়। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। প্রধান আলোচক ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর চৌধুরী। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হাসেম, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নুরুল হুদা, জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের সাতক্ষীরার প্রকৌশলী মো. নজরুল ইসলাম, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি শেখ মাসুম বিল্লাহ শাহিন, বিআরটিএর সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক ওমর ফারুক, সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. জয়ন্ত সরকার এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মীর আবুবক্কার। 

এ ছাড়া বক্তব্য দেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ আলী, বিআরটিএর উচ্চমান সহকারী নাসির উদ্দিন, সড়ক নিরাপত্তা কমিটির সদস্য ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব তৈয়েব হাসান শামসুজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর কাজী রাজী উজ্জামান, ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মন্টু ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবু, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মামুনার রশীদ এবং নারকেলতলা শ্রমিক ইউনিয়নের অফিস সহকারী আশরাফ আলী। 

অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, বিআরটিএর সাতক্ষীরা সার্কেলের কর্মকর্তা, বাস ও ট্রাক শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং চালকেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা সঞ্চালনা করেন বিআরটিএর সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক ওমর ফারুক।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com