মানিকগঞ্জে নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতা বাড়ানোর তাগিদ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং চালক ও পথচারীদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে মানিকগঞ্জে । নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকারি দপ্তর, পরিবহন মালিক-শ্রমিক ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে ।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বুধবার মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব বিষয় উঠে আসে । ‘নিরাপদ সড়ক সবার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মানিকগঞ্জ সার্কেল যৌথভাবে এ সভার আয়োজন করে ।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা । অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, বিআরটিএর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রকৌশলী মোস্তফা কামাল, জেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল হোসেন এবং মানিকগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নুর অতএব আহমেদ ।
এ ছাড়া গোলড়া হাইওয়ে থানার প্রতিনিধি দেওয়ান কউসিক আহমেদ, বিআরটিসি উথুলী প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থাপক ইবাদুল ইসলাম এবং জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক লিটন বক্তব্য দেন । শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকও সভায় উপস্থিত ছিলেন বলে আয়োজকেরা জানান ।
আলোচনায় বক্তারা বলেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে চালকদের ট্রাফিক আইন মেনে চলা, বেপরোয়া গতি পরিহার এবং পথচারীদের সচেতন আচরণ জরুরি । একই সঙ্গে সড়ক ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন তারা ।
বক্তারা আরও বলেন, আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সড়ক ব্যবহারকারীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা গেলে দুর্ঘটনা কমানো সম্ভব । নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সব পক্ষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন ।
এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে রোড শোর আয়োজন করা হয় ।