কালাইয়ে প্রথমা প্রকাশনীর দুই দিনব্যাপী বইমেলার উদ্বোধন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পিএম
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা ‘প্রথমা প্রকাশন’-এর আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী বইমেলা। আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯:০০ ঘটিকায় ফিতা কেটে ও আনুষ্ঠানিক বক্তব্যের মধ্য দিয়ে মেলার শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ফয়সাল আহমেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, বই মানুষের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। নতুন প্রজন্মকে মোবাইল ও ডিজিটাল স্ক্রিনের আসক্তি কাটিয়ে বই পড়ার অভ্যাসে ফিরে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে কালাই উপজেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী এই বইমেলায় প্রথমা প্রকাশনীর সকল বইয়ে বিশেষ মূল্যছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। মেলায় শিশু-কিশোরদের জন্য উপযোগী বই, কিশোর ও অনুবাদ গ্রন্থ, ইতিহাস ও গবেষণা, উপন্যাস ও গল্প এবং মুক্তিযুদ্ধ ও সাহিত্যসহ বিভিন্ন বিষয়ের সমৃদ্ধ বইয়ের সমাহার রয়েছে। মেলাটি প্রতিদিন সর্বসাধারণ ও শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। উদ্বোধনের পর থেকেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বইয়ের স্টলগুলোতে ভিড় জমাতে দেখা গেছে।