কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

“Be a Hand Washing Hero” অর্থাৎ “হাত ধোয়ার নায়ক হোন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২৬। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সঠিক নিয়মে হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়।

বুধবার ২৮ অক্টোবর দুপুরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়। র‍্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালি শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল ও গুরুত্ব সরাসরি প্রদর্শন করা হয়। 

পরে আয়োজিত অনুষ্ঠানে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়সাল আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাহিদ নাজনীন ডেইজি এবং উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আল-আমিন।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ ও রোগমুক্ত জীবনযাপনে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি।

বিশেষ করে খাবার গ্রহণ ও পরিবেশনের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সঠিকভাবে হাত ধুলে বহুবিধ সংক্রামক রোগ প্রতিরোধ করা সম্ভব। এ বিষয়ে নতুন প্রজন্মকে সচেতন করে সমাজের প্রতিটি মানুষকে ‘হাত ধোয়ার নায়ক’ হওয়ার আহ্বান জানানো হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com