দূরত্বের বাধা পেরিয়ে শিক্ষার আলো ছড়াবে বাইসাইকেল: পাঁচবিবিতে ৭০ ছাত্রীকে সাইকেল ও ২০০ জনকে শিক্ষা উপকরণ বিতরণ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

নারী শিক্ষার প্রসার এবং দূর-দূরান্ত থেকে আসা ছাত্রীদের ঝরে পড়ার হার রোধ করতে জয়পুরহাটের পাঁচবিবিতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

​উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের একমাত্র নারী শিক্ষাপ্রতিষ্ঠান 'বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয়' প্রাঙ্গণে এ উপলক্ষে এক বর্ণাঢ্য অভিভাবক সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের ৭০ জন ছাত্রীর হাতে নতুন বাইসাইকেল এবং ২০০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেন।

​বেলজিয়াম সরকারের অর্থায়নে এবং শীর্ষস্থানীয় স্বেচ্ছাসেবী বেসরকারি উন্নয়ন সংস্থা 'কারামা সলিডারিটি'র উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হান্নান চৌধুরী।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান।

​বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম ডালিম, স্থানীয় সাবেক চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম চৌধুরী শাহিন এবং প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ছালেহা খাতুন।

​এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আইনুল হক মন্ডল, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মঞ্জুরে মওলা পলাশ, সংস্থাটির (কারামা সলিডারিটি) পরিচালক মোহাম্মদ আলী, সহকারী পরিচালক ইশরাক মির্জা সোহেল, যুবদল নেতা পিয়ার নবী, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী শিউলী আক্তার ও মহিলা নেত্রী শিরিন আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামাঞ্চলে অনেক মেধাবী ছাত্রী কেবল যাতায়াত সমস্যার কারণে এবং দূর-দূরান্ত থেকে পায়ে হেঁটে আসার কষ্টে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়।

নতুন এই বাইসাইকেল তাদের যাতায়াতকে যেমন সহজ ও নিরাপদ করবে, তেমনি বিদ্যালয়মুখী করে ছাত্রী ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে। নতুন ব্যাগ ও শিক্ষা সামগ্রী পেয়ে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ ও মনোযোগ আরও বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com