রাঙ্গুনিয়ায় ধান পাহারা দিতে গিয়ে চাষির হাত কাটা লাশ উদ্ধার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫০ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে নেজাম উদ্দিন (৫০) নামে এক চাষির দুই হাত কনুই থেকে বিচ্ছিন্ন করা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে মীরেরখীল কালিছড়ি ব্রিজসংলগ্ন মাতব্বর বাড়ির পাশের সড়ক থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বন্যহাতির কবল থেকে ক্ষেতের পাকা ধান রক্ষা করতে মঙ্গলবার রাতে পাহারায় গিয়েছিলেন নেজাম উদ্দিন। সকালে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খুঁজতে বের হন। একপর্যায়ে সড়কের ওপর তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন। তাঁর দুই হাত কনুই থেকে কাটা ছিল।

নিহত নেজাম উদ্দিন সরফভাটা ইউনিয়নের মীরেরখীল স্লুইস গেট এলাকার রফু মিয়ার ছেলে। তিনি দিনমজুরের পাশাপাশি চাষাবাদ ও গাছ কাটার কাজ করতেন।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের ছোট ভাই জসিম উদ্দিন বলেন, তাঁর ভাই ছিলেন নিরীহ মানুষ। কী কারণে তাঁকে এমন নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা তাঁরা বুঝতে পারছেন না।

স্থানীয়দের অভিযোগ, গত এক মাসে সরফভাটায় একাধিক সন্ত্রাসী হামলা ও কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। গত দুই বছরে রাঙ্গুনিয়ায় ২০টির বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি তাঁদের। এসব ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সন্ত্রাসীদের ভয়ে মীরেরখীলসহ আশপাশের গ্রামের অনেক পরিবার এলাকা ছেড়েছে বলেও জানিয়েছেন স্থানীয়রা।

এ হত্যাকাণ্ডের পর এলাকায় নিরাপত্তা জোরদার, চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার এবং জঙ্গল সলিমপুরের আদলে সরফভাটায় সাঁড়াশি অভিযান চালানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com