পঞ্চগড়ে নিরাপদ সড়ক দিবস পালিত, আইন মানার আহ্বান বক্তাদের
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পিএম
সঞ্জু বনিক সৌরভ | পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড় | ২৮ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পঞ্চগড়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পঞ্চগড় সার্কেল।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলফিকার নাইন-এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিআরটিএ পঞ্চগড় সার্কেলের মোটরযান পরিদর্শক হিমাদ্রি ঘটক, পঞ্চগড় ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. বেলাল হোসেন এবং পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ অন্যান্য অতিথি।
আলোচনায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আইন মেনে চলা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিআরটিএর কর্মকর্তা-কর্মচারী, মোটর পরিবহন শ্রমিক, পিটিআইয়ের শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় নিরাপদ সড়ক গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।