সড়ক দুর্ঘটনায় চাটমোহরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পিএম
পাবনা প্রতিনিধিঃ
পাবনার চাটমোহরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর হোসেন জাকির (৩২) নামে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার মান্নাননগর এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর হোসেন জাকির সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হামকুড়িয়া গ্রামের ছোরমান প্রামাণিকের ছেলে। তিনি চাটমোহর উপজেলা কৃষি অফিসে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ জানান, বুধবার উপজেলার হান্ডিয়াল ইউনিয়নে দাপ্তরিক দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীর। পথে মান্নাননগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
তাঁর এমন আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।