হিলি সীমান্তে বিজিবির অভিযান: প্রায় ৬০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও প্রসাধনী জব্দ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের হিলি সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ শাড়ি, কম্বল এবং বিভিন্ন প্রসাধনী সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হিলি সিপি বিওপির সদস্যরা গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখে এই অভিযান পরিচালনা করেন।
বুধবার ২৮ অক্টোবর সকাল ১০টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল লতিফুল বারী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ছয়টি ভারতীয় শাড়ি, চার কেজি ওজনের একটি কম্বল, এক লিটারের একটি ট্রেসেমি শ্যাম্পু, এক লিটারের তিনটি ক্যাশ কিং শ্যাম্পু, এক লিটারের একটি সানসিল্ক শ্যাম্পু, ৮৯৫ মিলিলিটারের একটি ফিয়ামা শাওয়ার জেল, ২৪০ মিলিলিটারের একটি ও ১৫০ মিলিলিটারের একটি ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেসওয়াশ, ৫০ গ্রাম ওজনের ৩৬টি পন্ডস ফেসওয়াশ, ১২৫ গ্রাম ওজনের ১৬টি ব্রোপ্লাস সাবান এবং ১৫০ গ্রাম ওজনের ১১টি ডাবর রেড টুথপেস্ট।
জব্দ করা এসব ভারতীয় পণ্যের মোট সিজার মূল্য ৫৯,৯০০ টাকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।