কালাইয়ে রাতের আঁধারে পুকুরের মাটি কেটে বিক্রির উৎসব: প্রশাসনের সাঁড়াশি অভিযানে ড্রামট্রাক জব্দ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৭ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

প্রাকৃতিক ভারসাম্য ও পরিবেশের তোয়াক্কা না করে একশ্রেণির অসাধু চক্রের বেপরোয়া ভূমি বাণিজ্য দিন দিন গ্রাস করছে গ্রামীণ জনপদ। 

সংস্কারের আড়ালে কিংবা প্রকাশ্যেই নিয়ম-নীতির তোয়াক্কা না করে চলছে উর্বর মাটি ও পুকুর কাটার মহোৎসব। তবে পরিবেশ বিনাশী এই চক্রের দৌরাত্ম্য রুখতে এবার কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন।

জয়পুরহাটের কালাইয়ে ২৭ অক্টোবর গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে পুকুরের মাটি কেটে পরিবহনের দায়ে মাটিবোঝাই একাধিক ড্রামট্রাক জব্দ করা হয়েছে।

জানা গেছে, কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের নুনুজ গ্রামের নিজাম উদ্দিনের ছেলে আহসান হাবীব প্রশাসনের কোনো ধরনের বৈধ অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে স্থানীয় একটি পুকুর থেকে মাটি কেটে অন্যত্র চড়া দামে বিক্রি করে আসছিলেন।

স্থানীয় ভূ-প্রকৃতি ধ্বংসের পাশাপাশি রাতের আঁধারে ভারি যানবাহনে মাটি পরিবহনের ফলে গ্রামীণ রাস্তাঘাটও মারাত্মক ক্ষতির মুখে পড়ছিল।

এমন গোপন খবরের ভিত্তিতে কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গভীর রাতে নুনুজ এলাকায় এক ঝটিকা ও সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা সটকে পড়লেও ঘটনাস্থল থেকে মাটি পরিবহনে নিয়োজিত মাটিবোঝাই বেশ কয়েকটি ড্রামট্রাক হাতেনাতে জব্দ করে নিয়ে আসে ভ্রাম্যমাণ আদালত।

প্রশাসন সূত্রে কঠোর হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, সংস্কারের অনুমতি থাকলেও পুকুরের তলদেশ বা পাড় কেটে বাণিজ্যিকভাবে মাটি বিক্রি করা প্রচলিত ভূমি ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণ আইনের চরম লঙ্ঘন।

এটি সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। পরিবেশের বাস্তুতন্ত্র ধ্বংসকারী এবং সরকারি নিয়ম অমান্যকারী যেকোনো ‘মাটি খেকো’ চক্রের বিরুদ্ধে প্রশাসনের এই আপসহীন ও কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com