জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী BOCA কর্মশালা শুরু
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৫ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের প্রাতিষ্ঠানিক দক্ষতা ও কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে দুই দিনব্যাপী ‘ইউনিটের সক্ষমতা বৃদ্ধি’ (BOCA 2.0) বিষয়ক কর্মশালা শুরু হয়েছে।
বুধবার ২৮ অক্টোবর সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদের সম্মানিত প্রশাসক ও জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মো. মাসুদ রানা প্রধান।
উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান মহোদয় বলেন, "বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির 'Branch Organizational Capacity to Act' বা BOCA 2.0 টুলসটি মাঠপর্যায়ে ইউনিটের প্রাতিষ্ঠানিক সক্ষমতা পর্যালোচনায় অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।
এই প্রক্রিয়ার মাধ্যমে চিহ্নিত ক্ষেত্রগুলোতে উন্নয়ন ঘটিয়ে জয়পুরহাট ইউনিটকে একটি শক্তিশালী, আধুনিক ও মানবিক সেবায় অগ্রগামী ইউনিট হিসেবে গড়ে তুলতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।"
কর্মশালায় ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, কর্মকর্তা ও যুব রেড ক্রিসেন্টের প্রতিনিধিরা অংশ নেন। এতে ইউনিটের সার্বিক ব্যবস্থাপনা, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, অভ্যন্তরীণ সুশাসন এবং সেবামূলক কার্যক্রমের পরিধি বাড়ানোর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা ও দলীয় কাজ পরিচালিত হয়।
আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, দুই দিনব্যাপী এই মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত ফলাফলের ওপর ভিত্তি করে একটি বাস্তবমুখী কর্মপরিকল্পনা তৈরি করা সম্ভব হবে, যা ভবিষ্যতে মানবিক সহায়তা কার্যক্রমে আরও বেশি ভূমিকা রাখবে।