মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
স্বাস্থ্য সুরক্ষা ও সংক্রামক রোগের বিস্তার রোধে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা । তিনি বলেছেন, শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের মধ্যে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে জনসচেতনতা বাড়াতে হবে ।
বুধবার সকালে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন । এর আগে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয় ।
জেলা প্রশাসক বলেন, স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়ার গুরুত্ব অপরিসীম । খাবার গ্রহণের আগে ও পরে, শৌচাগার ব্যবহারের পর এবং ময়লা-আবর্জনা স্পর্শ করার পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধুলে ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব। নিয়মিত হাত ধোয়ার এ অভ্যাস ব্যক্তি, পরিবার ও সমাজের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।
আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গাজী ফাতিমা ফেরদৌস, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত পুলিশ পরিদর্শক মুহাম্মদ রফিকুল ইসলাম, সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক সুকুমার সরকার এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. দবিরুল ইসলাম ।
সভায় শিশুদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার চর্চায় অভ্যস্ত করা এবং হাত ধোয়ার সঠিক নিয়ম সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয় । বক্তারা বলেন, দৈনন্দিন জীবনে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা গেলে সংক্রামক রোগের ঝুঁকি কমানোর পাশাপাশি সুস্থ ও পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলা সম্ভব ।
এ বছর বিশ্ব হাত ধোয়া দিবসের প্রতিপাদ্য ‘হাত ধোয়ার বীর হোন’ (Be a Handwashing Hero) । সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়া এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে রোগের ঝুঁকি কমানোই এ প্রতিপাদ্যের মূল লক্ষ্য ।