মাদারীপুরে মসজিদ কমিটির দ্বন্দ্ব: দুই পক্ষের সংঘর্ষ,বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পিএম

নাজমুল হাসান, মাদারীপুর:

মাদারীপুর সদর উপজেলায় স্থানীয় একটি জামে মসজিদের কমিটিকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মতো ধ্বংসাত্মক ঘটনা ঘটানো হয়। বুধবার (২৮ অক্টোবর) ভোরে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে বাহেরান্দি জামে মসজিদের সভাপতি হিসেবে মোশারফ ফকিরের নাম ঘোষণা করেন স্থানীয় মুসল্লিরা। তবে এই কমিitions কে প্রত্যাখ্যান করে বাচ্চু মোড়লকে সভাপতি হিসেবে দাবি করে অপর একটি পক্ষ। এই দ্বন্দ্বে মোশারফ পক্ষ ও বাচ্চু পক্ষের মধ্যে দীর্ঘ দিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে গত সোমবার দুই পক্ষ প্রথম দফায় সংঘর্ষে জড়ায় এবং বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালায়।

​পরবর্তীতে বুধবার ভোরে পরিস্থিতি আরও অবনতি হয়। ভোরে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টির পর উভয় পক্ষ পুনরায় রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় প্রতিপক্ষের ঘরবাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

​ঘটনার বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ‘ক্ষুদ্র একটি বিষয় নিয়ে প্রায়ই দুইপক্ষ সংঘাতে জড়িয়ে পড়ছে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।’  

 

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com