চন্দনাইশে পর্যটকবাহী বাস উল্টে আহত ২০
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রামের চন্দনাইশে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) ভোর ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাগিচাহাটের উত্তর খানদিঘি শিকারিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, বাসটি মঙ্গলবার রাতে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে। পথে বুধবার ভোরে চন্দনাইশের বাগিচাহাটের উত্তর খানদিঘি শিকারিপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কে উল্টে যায় এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, দুর্ঘটনার পর আহত যাত্রীদের উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বাসটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।