শ্রীপুরে প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ, অসহায়দের মুখে খাবার তুলে দিলেন আবু তাহের প্রধান
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পিএম
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে অসহায়, দুস্থ ও পথচারীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন গাজীপুর জেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী ও শ্রীপুর পৌর যুবদলের সদস্যসচিব আবু তাহের প্রধান।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে শ্রীপুর রেলস্টেশন চত্বরে তাঁর উদ্যোগে এ খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় স্টেশন এলাকায় থাকা দরিদ্র, অসহায় ও পথচারীদের হাতে খাবার তুলে দেন তিনি।
কর্মসূচিতে আবু তাহের প্রধান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সবসময় মানুষের সুখে-দুঃখে পাশে থাকার রাজনীতিতে বিশ্বাস করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাধারণ মানুষের অধিকার আদায়ের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোও তাঁদের অন্যতম লক্ষ্য।
তিনি আরও বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ-উৎসবের মধ্যে সীমাবদ্ধ না রেখে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করা হয়েছে। এ ধরনের সামাজিক কার্যক্রমের পাশাপাশি বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে।
খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন খান, আলমগীর হোসেন ও শাহাবুদ্দিন আরাফাত। এ ছাড়া পৌর যুবদলের আহ্বায়ক সদস্য রফিকুল ইসলাম, জহিরুল ইসলাম, রাসেল শেখ, হুমায়ুন মন্ডলসহ স্থানীয় যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খাবার পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এমন উদ্যোগকে স্বাগত জানান তাঁরা।