জয়পুরহাটে বালাইনাশকের মান নিয়ন্ত্রণ ও সঠিক ব্যবহারে জেলা ভিজিলেন্স টিমের সভা অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১০:২০ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

ফসলের উৎপাদন বৃদ্ধি এবং জনস্বাস্থ্য রক্ষায় বালাইনাশকের গুণগত মান নিয়ন্ত্রণ ও এর সঠিক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে জয়পুরহাটে ‘জেলা ভিজিলেন্স টিম’-এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জয়পুরহাটের আয়োজনে শহরের ‘স্বপ্নছায়া কমিউনিটি সেন্টার’-এ এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জয়পুরহাটের উপপরিচালক কৃষিবিদ মো: মনজু আলম সরকার।

সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "কৃষিপ্রধান এই অঞ্চলে ফসলের সুরক্ষায় বালাইনাশক একটি গুরুত্বপূর্ণ উপাদান। 

তবে বাজারে ভেজাল বা নিম্নমানের বালাইনাশক বিক্রি বন্ধ করতে এবং কৃষকদের মধ্যে কীটনাশকের পরিমিত ও সঠিক ব্যবহার নিশ্চিত করতে জেলা ভিজিলেন্স টিমকে সর্বদা তৎপর থাকতে হবে।" তিনি আরও উল্লেখ করেন, যত্রতত্র ও অতিরিক্ত কীটনাশক প্রয়োগ মানবদেহ, পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই বালাইনাশক ডিলারদের সঠিক নিয়মনীতি মেনে ব্যবসা পরিচালনা এবং মাঠপর্যায়ে কৃষকদের সচেতন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

সভায় বক্তারা বালাইনাশক আইন যথাযথভাবে বাস্তবায়ন, অনুমোদনহীন কীটনাশকের বিক্রি বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদনে জৈব বালাইনাশক ব্যবহারের প্রতি উদ্বুদ্ধ করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, ভিজিলেন্স টিমের সদস্য এবং স্থানীয় বালাইনাশক ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com