২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গঙ্গাচড়ায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পিএম

রফিকুল ইসলাম সাবুল (রংপুর) প্রতিনিধি:

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠা দিয়ে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে রংপুরের গঙ্গাচড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে গঙ্গাচড়া উপজেলা পরিষদ ডাকবাংলো চত্বরে উপজেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রংপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর সহকারী সেক্রেটারি মো. রায়হান সিরাজী বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠা দিয়ে চালানো নৃশংসতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। ওই দিনের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।

তিনি বলেন, দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে কোনো হত্যাকাণ্ডের বিচার উপেক্ষিত থাকা উচিত নয়। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সহিংসতা ও হত্যার কোনো স্থান থাকতে পারে না।

গঙ্গাচড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. নায়েবুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির তাজ উদ্দিন, সাবেক আমির শফিকুল ইসলাম, আবদুল গনি, জামায়াত নেতা মাওলানা রোকনউজ্জামান এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বেলাল আবেদিন। এ সময় উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মাওলানা মো. নায়েবুজ্জামান বলেন, ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা সময়ের দাবি। ন্যায়বিচার প্রতিষ্ঠায় অতীতের রাজনৈতিক সহিংসতার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের আইনের আওতায় আনা জরুরি। অন্যায় ও জুলুমের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী কাজ করে যাবে।

সমাবেশটি সঞ্চালনা করেন গঙ্গাচড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com