ইবির টিএসসিসির নতুন পরিচালক ড. মনজুর রহমানের দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৪ পিএম

​ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) টিএসসিসি (ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র) ও কেন্দ্রীয় অডিটোরিয়ামের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মনজুর রহমান। বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় টিএসসিসির পরিচালকের অফিস কক্ষে অনুষ্ঠিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে অধ্যাপক ড. মনজুর রহমানের নিকট দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী পরিচালক অধ্যাপক ড. মো. জাকির হোসেন।

​এসময় অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুস সামাদ, ইউট্যাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান, খালেদা জিয়া হলের সাবেক প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দিন, গ্রীন ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারীসহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। 

​অনুষ্ঠানে অতিথিরা বলেন, “বিশ্ববিদ্যালয়ের জন্য টিএসসিসি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে টিএসসিসি অবহেলিত অবস্থায় পড়েছিল। তবে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে টিএসসিসির পরিচালকের দায়িত্বে যারা ছিলেন, তারা প্রত্যেকেই সফলতার সাথে কাজ করে গেছেন। সদ্য বিদায়ী পরিচালকও টিএসসিসির উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করেছেন। আমরা আশা করি, নতুন পরিচালক সকলের সহযোগিতায় টিএসসিসিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন।”

​বিদায়ী পরিচালক অধ্যাপক ড. মো. জাকির হোসেন বলেন, “দায়িত্ব গ্রহণের পর ভবনের এসি মেরামত, আসবাবপত্র ও ক্যাফেটেরিয়া সংস্কারের মতো বেশ কিছু কঠিন কাজ সীমিত বাজেটের মধ্যেই সম্পন্ন করেছি। টিএসসিসি ও ক্যাফেটেরিয়া সার্বক্ষণিক সচল রাখতে নিরাপত্তা কর্মী, ক্লিনার ও আনসার মোতায়েনের ক্ষেত্রে প্রশাসনের সার্বিক সহায়তা অত্যন্ত জরুরি। অবকাঠামোগত উন্নয়ন ও ক্যাফেটেরিয়া ঠিক করতে দীর্ঘ সময় ব্যয় হওয়ায় শিক্ষার্থীদের সব আকাঙ্ক্ষা হয়তো পূরণ করা সম্ভব হয়নি। আশা করি, নবনিযুক্ত পরিচালক অসমাপ্ত কাজগুলো সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হবেন।”

​নবনিযুক্ত পরিচালক ড. মনজুর রহমান বলেন, “প্রতিষ্ঠানের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করা, এর সৌন্দর্য বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্যকে সামনে রেখে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার চেষ্টা করবো। প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে নিরলস কাজ করে যাবো। পাশাপাশি, শিক্ষকদের সাথে সুসম্পর্ক বজায় রেখে একসাথে দুপুরের খাবার গ্রহণের একটি উপযুক্ত পরিবেশ তৈরির উদ্যোগ নেবো। সংশ্লিষ্ট সকলের পরামর্শ ও সহযোগিতায় টিএসসিসির বিভিন্ন সমস্যা সমাধান করে বর্তমান অবস্থান থেকে এটিকে আরও উন্নত করতে কাজ করব।”

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com