জয়পুরহাটে খাবারে চেতনানাশক মিশিয়ে ভ্যানচালককে অজ্ঞান করে ভ্যান ছিনতাই
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক ভ্যানচালককে খাবারের সাথে চেতনানাশক খাইয়ে অজ্ঞান করার পর হাত-পা বেঁধে ফেলে রেখে ভ্যান ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল সন্ধ্যায় উপজেলার খড়িকাটা গ্রামে এই চাঞ্চল্যকর ও বর্বরোচিত ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা সুকৌশলে ওই ভ্যানচালকের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে দেয়। তা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়েন। এরপর দুর্বৃত্তরা তাঁর হাত-পা বেঁধে নির্জন একটি ফসলি জমিতে ফেলে রেখে তাঁর উপার্জনের একমাত্র সম্বল ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন জমিতে তাঁকে অচেতন ও হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করেন। তাঁদের প্রাথমিক শুশ্রূষা ও সহযোগিতায় কিছু সময় পর ওই ব্যক্তির জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর তিনি ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করেন।
এলাকাবাসীর অভিযোগ, ওই ব্যক্তির ভ্যানটি ছিনতাই করাই ছিল দুর্বৃত্তদের মূল উদ্দেশ্য। জয়পুরহাটে এমন অভিনব কৌশলে ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও চরম আতঙ্ক বিরাজ করছে।
এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন ও সচেতন মহল ভ্যান ও ইজিবাইক/অটোচালকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
বিশেষ করে যাত্রী বা অপরিচিত কোনো ব্যক্তির দেওয়া খাবার, পানীয় বা সিগারেট গ্রহণ করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে এবং যেকোনো সন্দেহজনক ব্যক্তি বা পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে আশপাশের মানুষের সাহায্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত ছিনতাইকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।