দোগাছীতে দুই প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিল ‘দি স্যালভেশন আর্মি’

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ এএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটের দোগাছী ইউনিয়নে অসহায় ও শারীরিক প্রতিবন্ধী দুই ব্যক্তির মাঝে চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। 

বুধবার ২৮ অক্টোবর ‘সহনশীলতা বাংলাদেশ প্রজেক্ট’-এর আওতায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দি স্যালভেশন আর্মি বাংলাদেশ’-এর উদ্যোগে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।

দোগাছী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি স্যালভেশন আর্মি বাংলাদেশের প্রতিনিধি লেফটেন্যান্ট উজ্জ্বল বিশ্বাস, শনিল সরকার ও মেঘলা।

এছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দোগাছী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম, কাম কম্পিউটার অপারেটর আহসান হাবীব এবং গ্রাম পুলিশ আরিফুর ইসলাম।

শারীরিক প্রতিবন্ধকতার কারণে দৈনন্দিন চলাচল, চিকিৎসা সেবা গ্রহণ কিংবা সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণে এই সুবিধাবঞ্চিত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অন্যের ওপর নির্ভরশীল ছিলেন। নতুন হুইলচেয়ার পাওয়ার ফলে তাঁদের চলাচলের ভোগান্তি লাঘব হবে এবং জীবনযাত্রায় কিছুটা হলেও স্বস্তি ও আত্মনির্ভরশীলতা ফিরে আসবে।

আয়োজকরা জানান, সমাজে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী মানুষদের স্বাভাবিক জীবনযাপনে ফেরানো এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করাই ‘সহনশীলতা বাংলাদেশ প্রজেক্ট’-এর মূল লক্ষ্য। সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে প্রতিবন্ধী ব্যক্তিরাও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com