পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: পৃথক র্যালি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পিএম
নিজস্ব প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা):
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় পৃথক পৃথক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) উপজেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নির্ধারিত স্থানে সমবেত হন।
অনুষ্ঠানে প্রধান ও বিশেষ নেতৃত্বদানকারী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার এবং উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম শহিদুল্লাহ ইমরান। তাঁরা নিজ নিজ অনুসারীদের নিয়ে পৃথক র্যালি ও সমাবেশে নেতৃত্ব দেন।
এদিকে, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মানসুরা আলম বিশেষ কাজে ঢাকায় অবস্থান করায় সরাসরি উপস্থিত থাকতে না পারলেও তাঁর পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার নেতৃত্ব দেন উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদ। মানসুরা আলমের ঐকান্তিক উদ্যোগে এই আয়োজনের অংশ হিসেবে স্থানীয় সাধারণ ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
পৃথক সমাবেশগুলোতে বক্তারা স্ব স্ব অবস্থান থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুবদলের নেতাকর্মীদের ভূমিকা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামে যুবসমাজকে আরও বেশি ঐক্যবদ্ধ ও সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।
পরে দেশের শান্তি, সমৃদ্ধি এবং দলের কারাবন্দী ও নির্যাতিত নেতাকর্মীদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত হয়।