ইবিতে তিন দিনব্যাপী ‘ওয়ার্ল্ড ফেজ উইক-২০২৬’ অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পিএম

ওসমান গণি, ​ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিনব্যাপী ‘ওয়ার্ল্ড ফেজ উইক ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘ব্যাকটেরিওফাজ বায়োলজি অ্যান্ড জিনোমিক্স ল্যাব’-এর উদ্যোগে সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। 

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল ​, ব্যাকটেরিওফেজ বায়োলজি অ্যান্ড জিনোমিক্স ল্যাবের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. শুধাংশু কুমার বিশ্বাস এবং সহ-পৃষ্ঠপোষক অধ্যাপক ড. হোসাইন মোহাম্মদ ফারুকী, অধ্যাপক ড. নিলুফা আক্তার, অধ্যাপক ড. আনোয়ারুল হক স্বপন ও অধ্যাপক ড. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। এ ছাড়া ল্যাবের অ্যালামনাই সদস্য, বিভিন্ন বিভাগের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

​তিন দিনব্যাপী এ আয়োজনের প্রথম দিনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি ও বিশ্বের প্রথম মানব ব্যাকটেরিওফেজ মডেল তৈরি করা হয়। এই দিনের র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান উপস্থিত ছিলেন। একই দিনে পোস্টার প্রেজেন্টেশন, ওরাল প্রেজেন্টেশন এবং ব্যাকটেরিওফেজ মডেল তৈরি ও উপস্থাপন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।

​তৃতীয় দিনের আয়োজনে সমাপনী পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কুইজ, পোস্টার প্রেজেন্টেশন, ওরাল প্রেজেন্টেশন এবং ব্যাকটেরিওফেজ মডেল তৈরিসহ চারটি সেগমেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট অ্যালামনাই ও সংগঠকদের সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া প্রতিটি সেগমেন্টের বিচারকমণ্ডলীর সদস্যদের মূল্যায়ন ও সহযোগিতার স্বীকৃতিস্বরূপ শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

​ব্যাকটেরিওফেজ বায়োলজি অ্যান্ড জিনোমিক্স ল্যাব’-এর প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. শুধাংশু কুমার বিশ্বাস বলেন, “অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ও নিয়ন্ত্রিত ব্যবহারের ফলে বিভিন্ন ব্যাকটেরিয়া প্রচলিত ওষুধের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে উঠছে। এসব অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়া বা ‘সুপারবাগ’ বর্তমানে বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থার জন্য এক বড় চ্যালেঞ্জ। এ পরিস্থিতি মোকাবিলায় নির্দিষ্ট ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে লক্ষ্য করে ধ্বংস করতে সক্ষম ‘ব্যাকটেরিওফেজ’ ভবিষ্যৎ চিকিৎসাবিজ্ঞানে একটি সম্ভাবনাময় ও সুনির্দিষ্ট সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘ব্যাকটেরিওফাজ বায়োলজি অ্যান্ড জিনোমিক্স ল্যাব’ অ্যান্টিবায়োটিকের যুগোপযোগী বিকল্প খুঁজতে আধুনিক গবেষণা চালিয়ে যাচ্ছে।”

​উল্লেখ্য, ‘ফ্রম এএমআর চ্যালেঞ্জেস টু প্রিসিশন অ্যান্টিমাইক্রোবিয়াল সলিউশনস’ প্রতিপাদ্যকে সামনে রেখে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়ার (সুপারবাগস) ক্রমবর্ধমান ঝুঁকির মুখে বিকল্প ও সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি হিসেবে ‘ব্যাকটেরিওফেজ’ বা ফেজ থেরাপির সম্ভাবনা তুলে ধরতে এই ‘ওয়ার্ল্ড ফেজ উইক ২০২৬’ পালন করা হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com