অবশেষে মাসুদ রানাকে তালাক দিলেন আলোচিত পূর্ণিমা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে স্ত্রী থাকা অবস্থায় শ্যালিকাকে বিয়ে করাকে কেন্দ্র করে আলোচনায় আসা টিকটকার মাসুদ রানার ঘটনায় নতুন মোড় এসেছে। এবার আলোচিত শ্যালিকা পূর্ণিমা তার স্বামী মাসুদ রানাকে তালাক দিয়েছেন বলে দাবি করেছেন মাসুদ রানা নিজেই। এ-সংক্রান্ত একটি কাগজও নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেছেন তিনি।

ঘটনাটি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। একপর্যায়ে বিষয়টি ঘিরে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এর আগে ফেসবুক লাইভে অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগকে কেন্দ্র করে মাসুদ রানা ও পূর্ণিমাকে নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে মাসুদ রানাকে মুখে কালি মাখিয়ে ও গলায় জুতার মালা পরিয়ে এলাকা ছাড়তে বাধ্য করার অভিযোগ ওঠে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও নিয়েও ব্যাপক আলোচনা হয়।

এদিকে, নওগাঁ জজ কোর্টের আইনজীবী শাহীন কাদির ডলার তার সেরেস্তার কার্যক্রম থেকে মাসুদ রানাকে অব্যাহতি দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করেন বলে জানা গেছে। পরবর্তী সময়ে স্থানীয়দের চাপে বদলগাছী ছাড়ার জন্য তাকে তিন ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়।

এরপর ভাড়া বাসার আসবাবপত্র ও দুই স্ত্রীকে নিয়ে মহাদেবপুর উপজেলার মাতাজিহাট এলাকায় শ্বশুরবাড়িতে আশ্রয় নিতে যান মাসুদ রানা। সেখানেও স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন তিনি। পরে রাইগাঁ পুলিশ ফাঁড়ির সহযোগিতায় পরিস্থিতি থেকে বেরিয়ে দুই স্ত্রীকে শ্বশুরবাড়িতে রেখে চলে যান বলে জানা যায়।

ঘটনার পর রাত প্রায় ১১টার দিকে আবারও বদলগাছীতে দেখা যায় মাসুদ রানাকে। এ সময় নিজের কর্মকাণ্ডের জন্য কান ধরে ক্ষমা চান তিনি এবং এক স্ত্রীকে তালাক দেওয়ার ঘোষণা দেন বলে প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয়।

সর্বশেষ ফেসবুক লাইভে এসে মাসুদ রানা জানান, তার শ্যালিকা পূর্ণিমা তাকে তালাক দিয়েছেন। এ-সংক্রান্ত একটি কাগজও নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন তিনি।

তবে তালাকের বিষয়টি এবং প্রকাশিত কাগজের আইনগত বৈধতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে আলোচিত এ ঘটনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com