সুন্দরগঞ্জে লগি-বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পিএম
সুন্দরগঞ্জ, (গাইবান্ধা) প্রতিনিধি:
২০০৬ সালের ২৮ অক্টোবর দেশব্যাপী আওয়ামী লীগের লগি-বৈঠার নির্মম নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার বাদ আছর সুন্দরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি বাহিরগোলা মসজিদের সামনে থেকে শুরু হয়ে স্বাধীনতা চত্বর হয়ে পুরাতন উপজেলা মোড় প্রদক্ষিণ করে পুনরায় বাহিরগোলা মোড়ে এসে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার আমির শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা সেক্রেটারি সমিউল ইসলাম সহ জামায়াত ও অঙ্গ-সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে প্রকাশ্যে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা করা হয়েছিল। সেই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের এখনো বিচার হয়নি। অবিলম্বে সেই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।