গঙ্গাচড়ার আলদাদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে লক্ষ্মীপূজা উদযাপন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পিএম

রফিকুল ইসলাম সাবুল(রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর গ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতায় উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কোজাগরী লক্ষ্মীপূজা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে আয়োজিত এ পূজা উপলক্ষে অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী লীলাকীর্তন। এ সময় ভক্তরা দেবী লক্ষ্মীর আরাধনার মধ্য দিয়ে পরিবার ও সমাজের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক বাবু তপন কুমার রায়।

বক্তব্যে তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার ধর্মীয় স্বাধীনতা ও সমান অধিকার নিশ্চিত করতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা জরুরি। একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পূজা উপলক্ষে ভক্তরা ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নেন। দেবী লক্ষ্মীর আরাধনা, লীলাকীর্তন ও ভক্তদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আয়োজিত এ লক্ষ্মীপূজার মধ্য দিয়ে ভক্তরা পরিবার, সমাজ ও দেশের শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com