পিতা-মাতার পরেই শিক্ষাগুরু’: কালাইয়ে প্রধান শিক্ষক সুরাইয়া বেগমের আবেগঘন বিদায়

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১১:০১ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

পিতা-মাতা আমাদের জন্ম দেন, কিন্তু একজন আদর্শ শিক্ষকই আলো ও জ্ঞানের পথ দেখিয়ে মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলেন। সমাজে পিতা-মাতার পরেই শিক্ষাগুরুর স্থান।

সেই মহান ব্রতকে ধারণ করে দীর্ঘ কর্মজীবন সফলভাবে সমাপ্ত করে পিআরএল-জনিত (অবসরোত্তর ছুটি) কারণে আনুষ্ঠানিক বিদায় নিলেন জয়পুরহাটের কালাই উপজেলার সরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া বেগম।

২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার দুপুরে সরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক সুরাইয়া বেগমের অবসরজনিত বিদায় উপলক্ষে এক আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বিদ্যালয়ে আয়োজিত এই বিদায় অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন- প্রধান শিক্ষক সুরাইয়া বেগম কেবল একজন শিক্ষকই ছিলেন না; তিনি ছিলেন একজন প্রকৃত মানুষ গড়ার কারিগর ও পথপ্রদর্শক।

দীর্ঘ কর্মজীবনে তিনি পরম স্নেহ, মমতা ও নিষ্ঠার সাথে শিক্ষার্থীদের পাঠদান করেছেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অনন্য ভূমিকা রেখেছেন। 

শিক্ষাক্ষেত্রে তাঁর এই অবদান শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও অতিথিদের পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষক মহোদয়ের হাতে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও বিদায়ী উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সকলে তাঁর অবসর জীবনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com