সৈয়দপুরে ভেজাল চিপস-চানাচুর কারখানায় অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫১ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পিএম

রফিকুল ইসলাম সাবুল, রংপুর প্রতিনিধি: 

নীলফামারীর সৈয়দপুরে অনুমোদনহীন ও মানহীন ভেজাল চিপস-চানাচুর তৈরির কারখানায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার ১৩ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়ী বটগাছ এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩ ও সৈয়দপুর উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ২টা থেকে বিকেল ৪টা ৫০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে কারখানার পরিচালনাকারী মো. নওশাদ গোল্ডেন (৪৫) ও মো. আকরাম খানকে (২৭) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সরকারি কাজে বিলম্ব ঘটিয়ে বাধা দেওয়ার অভিযোগে মো. রাশেদ করিম (২৭) নামে এক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে জরিমানার পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৫১ হাজার টাকা।

এসআরবি-১৩, সিপিসি-২, নীলফামারী ও সৈয়দপুর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

এসআরবি-১৩ জানায়, অবৈধ মজুতদারি, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, জ্বালানি তেলে ওজনে কারচুপি এবং খাদ্যে ভেজালসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে। এসব অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com