লিঙ্গ বৈষম্য ও নারীর প্রতি সহিংসতা রোধে অ্যাডভোকেসি সংলাপ মানিকগঞ্জে
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১০ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
লিঙ্গবৈষম্য, নারীর প্রতি সহিংসতা ও ক্ষতিকর সামাজিক রীতিনীতির বিরুদ্ধে তরুণদের সচেতন ও সক্রিয় করে সমতাভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানানো হয়েছে মানিকগঞ্জে । এ লক্ষ্যে ‘সমতার তারুণ্য’ প্রকল্পের আওতায় অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ।
দিশারীর উপদেষ্টা ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসের সভাপতিত্বে সংলাপে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষাপ্রতিষ্ঠান, সুশীল সমাজ ও যুব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন ।
সংলাপে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. খায়রুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সরকারি দেবেন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহীনুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আমীর হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা শাখার সভাপতি এবিএম সামছুন্নবী তুলিপ এবং ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ড. মোহাম্মদ ফারুক হোসেন ।
এ ছাড়া খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের প্রভাষক রুহুল জামাল সুজন, কিশোর-কিশোরী সংগঠনের প্রতিনিধি মাসুমা খান মুক্তি, দিশারীর সাবেক সভাপতি হাসান শিকদার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তুষার এবং ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্সের জেলা কমিটির সভাপতি তাহমিনা আফরোজ মোহনাসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা বক্তব্য দেন ।
জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সামাজিক সংগঠন দিশারী এ সংলাপের আয়োজন করে । আয়োজকেরা জানান, তরুণ ও নারীদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে—এমন লিঙ্গভিত্তিক বৈষম্য, কুসংস্কার, ক্ষতিকর সামাজিক রীতিনীতি ও বৈষম্যমূলক মানসিকতার বিরুদ্ধে সচেতনতা তৈরি করাই এ প্রকল্পের মূল লক্ষ্য ।
সংলাপে স্থানীয় পর্যায়ে বিদ্যমান লিঙ্গবৈষম্য ও নেতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি চিহ্নিত করার পাশাপাশি এসব সমস্যা মোকাবিলায় প্রশাসন, স্থানীয় সরকার, সুশীল সমাজ, কমিউনিটি নেতা ও প্রশিক্ষণপ্রাপ্ত যুব প্রতিনিধিদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয় । একই সঙ্গে সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয় ।